মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে মুঘল স্থাপত্য নিদর্শন মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে ‘Raised Platform Mughal Musa Khan Mosque-এর Restoration and Preservation’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen)।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, উঁচু বেদীর ওপর নির্মিত এই মুসা খান মসজিদটি গৌরবময় মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই প্রকল্পের মাধ্যমে মসজিদটির ঐতিহাসিক ঐতিহ্য পুরোপুরি বজায় রেখে একে আদি রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগটি আমাদের সাংস্কৃতিক পর্যটনকে এগিয়ে নিতে, গবেষণার সুযোগ বাড়াতে এবং তরুণ প্রজন্মকে আমাদের ঐতিহ্য রক্ষায় আগ্রহী করে তুলতে বড় ভূমিকা রাখবে। এই প্রকল্পটিকে ভবিষ্যতে অন্যান্য ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি সফল উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূত-কে তাঁর বিশেষ অবদান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করায় বিশ্বাসী। পারস্পরিক সদিচ্ছা ও ঐক্যের মাধ্যমেই আমরা এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি।
প্রকল্পটির বাস্তবায়ন করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের U. S. Ambassador Fund for Cultural Presevation (AFCP) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্রঃ পিআইডি